বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৪-এর প্রতিযোগিতা গতকাল শনিবার ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে আরও সাত জেলায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জেলায়ই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের ক্ষুরধার যুক্তিতর্ক তুলে ধরেন। গতকাল যেসব জেলায় প্রতিযোগিতা হয়েছে সেগুলো হলো– চট্টগ্রাম, পটুয়াখালী, গোপালগঞ্জ, নড়াইল, রাঙামাটি ও ময়মনসিংহ। বরিশালে প্রতিযোগিতা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে প্রতিযোগিতার এই দশম আসর পাওয়ার্ড বাই শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। জেলাগুলোর আটটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর।
চট্টগ্রাম : নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকালে প্রতিযোগিতার উদ্বোধন হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে পৌঁছেছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের সাবিহা তাবাসসুম।
প্রতিযোগিতা উপলক্ষে সমকালের রিজিওনাল এডিটর ও চট্টগ্রাম ব্যুরোপ্রধান সারোয়ার সুমনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের এমপি এম এ লতিফ। বিশেষ অতিথি ছিলেন মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম।
পটুয়াখালী : বেলা ১১টায় পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে পটুয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের নেতা তানিশা তারানুম। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ। জেলা সুহৃদ সমাবেশ সভাপতি (ভারপ্রাপ্ত) পলাশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান, সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন, উপদেষ্টা পরিষদ সদস্য কবি ও সাহিত্যিক গাজী হানিফ প্রমুখ।
গোপালগঞ্জ : সকালে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের হল রুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয়েছে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে রানার্সআপ দলের সাকিব ফকির। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার।
নড়াইল : সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে চ্যাম্পিয়ন দলের সৃজনী বিশ্বাস জুল। বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট তুলে দেন বিচারক প্যানেলের মডারেটর নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রভাষক প্রশান্ত সরকার।
রাঙামাটি: সকালে শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে সাপছড়ি উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা হয়েছে রানার্সআপ দলের নেতা মাহামুদা আক্তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও চাকমা রাজপরিবারের সদস্য চাঁদ রায়। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা। বক্তব্য দেন রাঙামাটি বিএম ইনস্টিটিউটের শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা ও উন্নয়নকর্মী সুপলভ চাকমা।
ময়মনসিংহ : নগরীর পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সুহৃদ সমাবেশ সভাপতি ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। রানার্সআপ হয়েছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের নেতা খন্দকার ফারহান ইশরাক। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব (আইন) মশিউল আলম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মুঈন উদ্দিন, সুহৃদ সমাবেশের সহসভাপতি ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের পরিচালক মনিরুল ইসলাম প্রমুখ।
বরিশাল: গত শুক্রবার নগরীর আছমত আলী খান ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিযোগিতায় সাতটি বিদ্যালয়ের বিতার্কিকরা লটারির মাধ্যমে চারটি গ্রুপে ভাগ হয়ে বিতর্কে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ বরিশাল জেলা স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের নেতা রাইয়ান শেখ। বিতর্ক শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর স্ত্রী লুনা আবদুল্লাহ।