এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে মিলকান হোসেনের সঞ্চালনায় এ উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খেলাধুলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলার মোট ২০টি নৌকা অংশগ্রহণ করছে।
নৌকা বাইচকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর থেকেই করতোয়া নদীর দুই পাড়ে মানুষের ঢল নামে। উল্লাপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজার হাজার মানুষ নদীর দুই তীরে জড়ো হন। ঢাক-ঢোলের বাদ্য, প্রতিযোগীদের উচ্ছ্বাস এবং দর্শকদের করতালিতে পুরো নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিযোগিতায় একের পর এক নৌকা নদীর বুক চিরে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দূর-দূরান্ত থেকে আসা দর্শকরা নদীর তীরে দাঁড়িয়ে এবং নৌকায় করে নৌকা বাইচ উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গ্রামবাংলার সুস্থধারার সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। বিদেশি অপসংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে নিজস্ব সংস্কৃতির সঙ্গে তাদের সম্পৃক্ত করার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, দেশের যুব সমাজের একটি অংশ মাদকের ভয়াবহতার মধ্যে জড়িয়ে পড়ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে তাদের শারীরিক পরিশ্রম ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবে।
নৌকা বাইচ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক এসএম আল আমীন হোসেন, সলপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, বড়হর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বুলবুল আহমাদ, দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মমিন।

নিউজ ডেস্ক,অনলাইন